প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৮:৫৮ পিএম আপডেট: ১২.০৮.২০২৫ ৯:০৬ PM

রূপগঞ্জের জনতা উচ্চ বিদ্যালয়ে বিএনপি নেতার ভাগিনা ও খন্ডকালীন শিক্ষক তানভীর আহমেদ মুন্নার বিরুদ্ধে ৪১ জন শিক্ষার্থীকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি সোমবার বিকালে ঘটে।আহত চার শিক্ষার্থী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পরিস্থিতি আরো উত্তেজিত হয়, যখন মঙ্গলবার স্কুলে সংবাদ সংগ্রহ করতে গেলে মুন্নার উসকানিতে হাতুড়িসহ কয়েকজন শিক্ষার্থী সাংবাদিকদের উপর হামলা চালায়। এতে আজকের বাংলা পত্রিকার প্রতিনিধি রাকিবুল ইসলাম, একাত্তর টিভির ভিডিও জার্নালিস্ট হাফিজুর রহমান, প্রাইম টিভির সাকের আহমেদসহ অনেকে আহত হন।
স্থানীয়দের মতে, গত বছর ৫ আগস্ট থানা বিএনপির সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু অবৈধভাবে তার ভাগিনা তানভীর আহমেদ মুন্নাকে বিদ্যালয়ে নিয়োগ দেন। মুন্না সপ্তম শ্রেণির বিজ্ঞান ক্লাস নেয়ার সময় শিক্ষার্থীরা তার পাঠ বুঝতে না পারায় প্রধান শিক্ষকের কাছে পরিবর্তনের আবেদন করলে সে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীদের পিটিয়ে আহত করে।
প্রধান শিক্ষক ওবায়দুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে শিক্ষার্থীদের কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক নূরে আলম ঘটনায় জড়িত শিক্ষক মুন্নাকে বিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার এবং তিনজনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন।
অভিযুক্ত শিক্ষক মুন্না ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। অভিভাবকরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চুর বক্তব্য পাওয়া যায়নি।
র্যাব, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ