প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৩:৫৫ পিএম

“প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”-এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ে উদযাপিত হলো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার জেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসক সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, শপথ পাঠ, প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ এবং সফল আত্মকর্মীদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মনসুর রহমান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ফারজানা ইশরাত এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর শাহীন আরা সুলতানা গণি।
অনুষ্ঠানে ৮২ জন কম্পিউটার ও আইসিটি অ্যাপ্লিকেশন প্রশিক্ষণপ্রাপ্ত যুবকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি জেলার পাঁচটি উপজেলার ২৩ জন সফল আত্মকর্মীর মাঝে ৩১ লাখ ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণরত শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে ৩৬ জন জুলাই বীর শহীদকে স্মরণ করে ৩৬টি বনজ ও ফলজ গাছ রোপণ করা হয়, যা অনুষ্ঠানে একটি অনন্য সংযোজন হিসেবে প্রশংসিত হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম