প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৯:০১ AM

সংগৃহীত ছবি
ইসরায়েলি বাহিনীর নতুন করে চালানো একাধিক বিমান ও স্থল হামলায় যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় অন্তত ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ শিশু এবং অন্তত ৫ জন অনাহারে মারা গেছে।
গতকাল সোমবার (১১ আগস্ট) আনাদোলু সংবাদ সংস্থাকে এ তথ্য জানিয়েছে চিকিৎসা সূত্র।
চিকিৎসকরা জানান, দক্ষিণ গাজার খান ইউনুসে এক ফিলিস্তিনি পরিবারের বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালালে পরিবারের সাতজন সদস্য নিহত হন। একই এলাকায় ত্রাণের জন্য অপেক্ষমাণ মানুষের ওপর গুলি চালিয়ে আরও দুইজনকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।
মধ্য গাজায় এক হামলায় নিহত এক শিশুর মরদেহ আল-আউদা হাসপাতালে নেওয়া হয়। একই ঘটনায় চারজন আহত হয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
গাজা সিটিতে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে বিমান হামলায় একই পরিবারের তিনজন নিহত হন। এছাড়াও, শহরের দক্ষিণ-পূর্বের জেইতুন এলাকায় হামলায় নয় ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে আটজনই শিশু।