প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১১:১৮ পিএম আপডেট: ১১.০৮.২০২৫ ১১:৩১ PM

সংগৃহীত ছবি
সর্বশেষ বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলেছেন পারভেজ হোসেন ইমন। তবে আসরের মাঝপথে তার পারিশ্রমিক নিয়ে অনেক আলোচনা হয়। সেসময় গণমাধ্যমে চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরীর দেয়া মন্তব্য নিয়েও সমালোচনা হয়েছিল।
কিছুদিন আগে বিসিবি চিটাগং কিংসকে ৪৬ কোটি টাকা পাওনা দাবি করে লিগ্যাল নোটিশ পাঠায়। এছাড়াও খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের অনেকের বাকি পারিশ্রমিকের বিষয় নানা সময় সংবাদ মাধ্যমে উঠে এসেছে। আজ এক সংবাদ সম্মেলনে এসব নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন সামির কাদের।
ইমন এবং দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শহীদ আফ্রিদির পারিশ্রমিক সংক্রান্ত প্রশ্নে সামির বলেছেন, “ইমন ও আফ্রিদির পারিশ্রমিক নিয়ে যা আলোচনা হচ্ছে, তার জন্য বিসিবি দায়ী নয়। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আফ্রিদির পারিশ্রমিক বোর্ড থেকে কোনোভাবেই দেয়নি। ইমনের বিষয়ে কিছু সমঝোতার আলোচনা হয়েছিল, কিন্তু কিছু বিষয় আমার পছন্দ হয়নি। এরপর ইমন ছুটিতে চলে গিয়েছিল, আমাদের আলোচনা সম্পূর্ণ হয়নি। পরে আবার আলোচনা হয়েছে এবং সমস্যা সমাধান করা হয়েছে।”
সামির আরও বলেন, “আমরা সেমিফাইনাল জিতেছিলাম, সেটাই নিয়ে বেশি আলোচনা হয়। কয়জন আলিসের কাজ নিয়ে কথা বলে? সে দিন সে যে অবদান রেখেছিল, সেটা বিশাল ছিল। পরবর্তীতে সে চোটে ৭-৮ মাস বাইরে ছিল, এই মৌসুমটা তার জন্য মিস ছিল। এই বিষয়গুলো নিয়ে বেশি কথা হয় না।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ