প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৮:৫৬ পিএম

চট্টগ্রামের মীরসরাইয়ে অবৈধভাবে মজুদ করা ১০৭ সি.ফ.টি কাঠ উদ্ধার করেছে বন বিভাগ ও পুলিশ। উদ্ধার করা কাঠের বাজারমূল্য আনুমানিক ৩ লাখ টাকা বলে জানা গেছে।
রোববার (১০ আগস্ট) বিকেল ৪টার দিকে বারৈয়াঢালা রেঞ্জের বড়তাকিয়া বিট কর্মকর্তা অরুণ রায়-এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
করেরহাট রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. হারুন অর রশীদ-এর নির্দেশনায় এবং রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম-এর পরামর্শে মীরসরাই থানার পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উত্তর ওয়াহিদপুর গ্রামের প্রাক্তন ইউপি সদস্য মো. জাকারিয়া মেম্বারের বাড়ি থেকে গোপনে রাখা বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়।
বড়তাকিয়া বিট কর্মকর্তা অরুণ রায় বলেন, ‘পুলিশের সক্রিয় সহযোগিতায় আমরা অবৈধ কাঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করতে পেরেছি। এই ধরনের অভিযানের মাধ্যমে বন সম্পদ রক্ষা ও অবৈধ কাঠ পাচার রোধে কাজ চলবে।’
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে অবৈধ কাঠ কাটা ও সংরক্ষণ চলছিল। বন বিভাগের হস্তক্ষেপে এবার তা বন্ধ হলো বলে তারা মনে করছেন। তারা আরও বলেন, ‘এমন অভিযান নিয়মিত হলে বন রক্ষা করা সম্ভব হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম