প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৮:৫৫ পিএম

দীর্ঘ ৯ বছর পর টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এক মঞ্চে হাজির হয়েছিলেন ভক্তদের জন্য। ৪ আগস্ট ‘ধূমকেতু’ সিনেমার ট্রেলার মুক্তি অনুষ্ঠানে তারা নাচ-গান দিয়ে উপস্থিত ছিলেন, তবে এ কারণে তারা ট্রল এবং ব্যক্তিগত আক্রমণের শিকার হন, বিশেষ করে দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র ও শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীর প্রতি কটাক্ষ ছড়ায়।
সম্প্রতি একটি অনুষ্ঠানে দেব এ নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, ‘আমরা অনেকদিনের ঝগড়া-ঝামেলা ভুলে ঐদিন মঞ্চে উপস্থিত হয়েছিলাম এবং এখনও আছি। আমরা ছবির ব্যাপারে অবগত, কিন্তু অনেকেই তা ভিন্নভাবে দেখছেন। একটি সিনেমা বা প্রোমোশন সম্পর্ক বদলে দিতে পারে না।’
দেব আরও যোগ করেন, ‘আমরা মঞ্চে এমন কিছু করিনি যা ব্যক্তিগত আক্রমণের কারণ হতে পারে। আমরা শুধু দেব-শুভশ্রীর ভক্তদের জন্য নস্টালজিয়া উপহার দিতে চেয়েছিলাম। কিন্তু বিষয়টিকে পারিবারিক আক্রমণের দিকে নেওয়া হয়েছে। আমি জানি নেতিবাচকতা অনেক দূর গড়িয়ে যায়, তাই ভক্তদের অনুরোধ, পরিবারই আমাদের বড় সমর্থন, দয়া করে অকারণে কাটাছেঁড়া করবেন না। যদিও এসব আমাকে বেশি আঘাত করে না, তবে অন্যদের করতে পারে।’
পরিশেষে দেব ক্ষমা চেয়ে বলেন, ‘নেতিবাচক মন্তব্য কাম্য ছিল না। দর্শক যেভাবে আমাদের দেখতে চেয়েছিল সেভাবেই পারফরম্যান্স করেছি। শুধু আমি ও শুভশ্রী নয়, রাজ ও রুক্মিণীও এই ছবির জন্য পরিশ্রম করেছেন। যদি এতে কেউ আঘাত পেয়ে থাকে তাহলে আমি রাজ, শুভশ্রী ও রুক্মিণীর কাছে ক্ষমা চাইছি। যা হয়েছে তা দুঃখজনক।’
উল্লেখ্য, দেব ও শুভশ্রীর সম্পর্কের ভাঙনের সময় তারা ‘ধূমকেতু’ সিনেমায় অভিনয় করছিলেন। ২০১৩ সালে শুরু হওয়া ছবির কাজ ২০১৫ সালে শেষ হয়, তবে নানা কারণে দীর্ঘ সময় ধরে মুক্তি পায়নি। অবশেষে আগামী ১৪ আগস্ট দীর্ঘ ৯ বছর পর এই ছবিটি মুক্তি পাচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ