প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৭:১২ পিএম

ফাইল ছবি
বিহারে ভোটার তালিকা সংশোধন ও ‘ভোট চুরির’ প্রতিবাদে নির্বাচন কমিশন অভিমুখে যাত্রার পথে আটক হওয়ার প্রায় দুই ঘণ্টা পর মুক্তি পেয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তাদের সঙ্গে আটক অন্য সব বিরোধী সাংসদকেও ছেড়ে দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রাহুল ও প্রিয়াঙ্কার পাশাপাশি শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাওয়াত, তৃণমূল কংগ্রেসের সাগরিকা ঘোষসহ ৩০ জনেরও বেশি সাংসদকে আটক করে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়।
নির্বাচন কমিশন মাত্র ৩০ জন সংসদ সদস্যকে প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দিয়েছিল। তবে কর্মকর্তারা দাবি করেছেন, বিক্ষোভকারীদের সংখ্যা ছিল ‘বিপুল’ এবং কমিশন অভিমুখে মিছিলের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি।
এর আগে সোমবার সকালে দিল্লিতে পার্লামেন্ট ভবনের বাইরে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ‘ভোট চুরির’ অভিযোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। পরে বিক্ষোভকারীরা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দেন। এ সময় রাহুল ও প্রিয়াঙ্কাসহ বিরোধী দলের জ্যেষ্ঠ কয়েকজন এমপিকে আটক করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, রাস্তায় বিপুলসংখ্যক কর্মী-সমর্থক পতাকা ও ব্যানার হাতে স্লোগান দিচ্ছেন, কেউ বসে আছেন, আবার কেউ পুলিশ ব্যারিকেডে ধাক্কাধাক্কি করছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, দুনিয়া নিউজ
স্বদেশ প্রতিদিন/এনআর