প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৪:২৪ পিএম আপডেট: ১১.০৮.২০২৫ ৪:২৮ PM

খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে তিনটি চাপাতিসহ মানিক হাওলাদার (৩৫) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।
সোমবার (১১ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে তাকে আটক করা হয়। এ ঘটনার পর থেকে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আটক মানিক হাওলাদারের বিরুদ্ধে খুলনার দৌলতপুর ও আড়ংঘাটা থানায় চুরির অভিযোগে দুটি মামলা রয়েছে। তিনি সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা এলাকার হাসানবাগ মহল্লার মোদাচ্ছের হাওলাদারের ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এডিসি কোর্ট প্রসিকিউশন মো. হুমায়ুন কবির।
তিনি বলেন, ‘পৌনে ১২টার দিকে মানিক হাওলাদারকে কয়েকজন যুবক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১, ২ ও ৩ নম্বর আদালতের সামনে ধরে রাখে। এ সময় মানিক উপস্থিত পুলিশের কাছে সাহায্য চায়। পরে কোর্ট পুলিশ তাকে হেফাজতে নেয়। কিছুক্ষণ পর সেনাবাহিনীর কয়েকটি গাড়ি আদালত প্রাঙ্গণে আসে এবং মানিককে নিজেদের হেফাজতে নেয়। তার পিঠে থাকা ব্যাগ তল্লাশি করে তিনটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।’
সেনাবাহিনীর সদস্যদের বরাত দিয়ে তিনি আরও জানান, মানিকের সঙ্গে আরও কয়েকজন সন্ত্রাসী ছিল, যারা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে মানিক আদালত চত্বরে আশ্রয় নিতে গিয়ে ব্যর্থ হয় এবং ধরা পড়ে।
জানা গেছে, মানিক হাওলাদার খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর নেতৃত্বাধীন ‘বি’ কোম্পানির সদস্য। সোনাডাঙ্গা থানার একটি হত্যা মামলায় আজ অপর শীর্ষ সন্ত্রাসী ‘পলাশ গ্রুপ’-এর হাজিরার দিন ধার্য ছিল। ধারণা করা হচ্ছে, তাদের কাউকে আক্রমণ করার উদ্দেশ্যে মানিক ও তার সহযোগীরা আদালত চত্বরে এসেছিল।
সেনাবাহিনীর সদস্যরা মানিককে তাদের ক্যাম্পে নিয়ে গেছে। এ ঘটনার পরপরই আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম