প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৯:৪৭ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মাঠপর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের বেতন-ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ইতোমধ্যে সহকারী শিক্ষকদের বেতন দুই ধাপ বাড়িয়ে ১১তম গ্রেডে উন্নীত করার প্রস্তাব করেছে। পাশাপাশি, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থেকে শুরু করে বিভাগীয় উপপরিচালক পর্যন্ত কর্মকর্তাদের বেতন এক ধাপ করে বাড়ানোর সুপারিশ আগামী সপ্তাহে মন্ত্রণালয়ে পাঠানো হবে।
প্রধান শিক্ষকদের বেতন জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডে উন্নীত করা হয়। এতে সহকারী শিক্ষক ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। কারণ, বর্তমানে সহকারী শিক্ষকেরা ১৩তম গ্রেডে এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তারা ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন। প্রধান শিক্ষকদের সঙ্গে একই গ্রেডে থাকায় তদারকি কর্মকর্তাদের প্রশাসনিক জটিলতা ও বৈষম্য তৈরি হচ্ছে।
এই বৈষম্য নিরসনের লক্ষ্যে সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেড (১১ হাজার টাকা মূল স্কেল) থেকে উন্নীত করে ১১তম গ্রেডে (১২ হাজার ৫০০ টাকা স্কেল) করার প্রস্তাব দেওয়া হয়েছে।
কারা কত গ্রেডে উন্নীত হবেন?সহকারী শিক্ষক: ১৩তম গ্রেড → ১১তম গ্রেড
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (২ হাজার ৬০৭ জন): ১০ম গ্রেড → ৯ম গ্রেড (২২ হাজার টাকা স্কেল)
উপজেলা শিক্ষা কর্মকর্তা (৫১৬ জন): ৯ম গ্রেড → ৮ম গ্রেড (২৩ হাজার টাকা স্কেল)
জেলা শিক্ষা কর্মকর্তা (৬৮ জন): ৭ম গ্রেড → ৬ষ্ঠ গ্রেড (৩৫ হাজার ৫০০ টাকা স্কেল)
বিভাগীয় উপপরিচালক: ৫ম গ্রেড → ৪র্থ গ্রেড (৫০ হাজার টাকা স্কেল)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানিয়েছেন, সহকারী শিক্ষকদের পদবী পরিবর্তন করে এখন শুধু ‘শিক্ষক’ করা হয়েছে। পাশাপাশি তাদের বেতন স্কেল উন্নীত করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং তারা ইতিবাচক সাড়া দিয়েছে।
তিনি আরও বলেন, অর্থ উপদেষ্টা, অর্থ সচিব ও প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে বৈঠকে এ বিষয়ে যুক্তি তুলে ধরা হয়েছে এবং নতুন পে-কমিশনের কাছে বেতন বৃদ্ধির প্রস্তাবও জমা দেওয়া হয়েছে।
বর্তমানে দেশে ৬৬ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মরত আছেন।
স্বদেশ প্রতিদিন/এমএম