
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন করেছে সাংবাদিকরা।
শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন জেলায় কর্মরত সাংবাদিকরা। মানববন্ধনে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানোর দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আসজাদ হোসেন আজু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি কবির হোসেন, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসির রাজবাড়ী প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সুমন বিশ্বাস, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী, গ্লোবাল টিভির রাজবাড়ী প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম, বিজয় টিভির রাজবাড়ী প্রতিনিধি শেখ আলী আল মামুন, ইনকিলাবের প্রতিনিধি নজরুল ইসলাম, আমার দেশের গোয়ালন্দ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, জেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, পাংশার সাংবাদিক মাসুদ রেজা শিশির, রতন মাহমুদ, শামীম হোসেন।
গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে রাষ্ট্র দায়ী থাকবে বলে মন্তব্য করেন সাংবাদিক নেতারা।
মানববন্ধনে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবিও জানানো হয়। একই সঙ্গে আগামীতে যেন সাংবাদিকরা নির্ভয়ে কাজ করতে পারে সে পরিবেশ নিশ্চিত করারও দাবি করা হয়। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।
এছাড়াও রাজবাড়ী সদর, পাংশা, বালিয়াকান্দি, কালুখালী, গোয়ালন্দ উপজেলার শতাধিক সাংবাদিক মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে রেল গেইট ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এক নারীর সঙ্গে বিবাদে জড়ায় কয়েকজন দুর্বৃত্ত। সে ঘটনার ভিডিও করেন সাংবাদিক তুহিন। এরপর দুর্বৃত্তরা তুহিনকে ধাওয়া দেয়। একপর্যায়ে চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে একটি দোকানের কাছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।
স্বদেশ প্রতিদিন/এমএম