প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৭:২৭ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা থ্রি-হুইলার ও ভ্যানে ধাক্কা দিলে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (৯ আগস্ট) দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বাঘাবাড়ি ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন বাহাদুর (৪৫), তিনি উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে এবং একজন ভ্যানচালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস বড়াল সেতু পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি চালিত থ্রি-হুইলার ও একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক বাহাদুর নিহত হন।
দুর্ঘটনায় আহতদের মধ্যে ৮ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহত ২ জনকে ঢাকার পিজি হাসপাতাল ও এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আলম জানান, আহত ৮ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, ‘বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম