প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৪:৪৪ পিএম

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকালে জেলা শহরের রাজমাঠে আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এতে পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক শতাধিক পাহাড়ি নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
আদিবাসী দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. মং উষাথোয়াই মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও জেএসএস নেতা কে এস মং মারমা।
আলোচনা সভায় বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি অধিকার, শিক্ষা ও জীবনযাপনের মৌলিক অধিকারের নিশ্চয়তা চেয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান। এছাড়া পার্বত্য অঞ্চলে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ এবং পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে দৈনিক আমাদের সময় পত্রিকার নির্বাহী সম্পাদক এহসান মাহমুদ, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম সহ বিভিন্ন পাহাড়ি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ