প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৪:৪৪ পিএম আপডেট: ০৯.০৮.২০২৫ ৪:৫১ PM

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিয়ের আশ্বাসে বাড়িতে ডেকে এনে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কথিত প্রেমিক মামুন পাটওয়ারী (৪৪) ও চাঁদপুর শহরের ১১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি মিরাজ পাটওয়ারী (২৪)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট) দুপুরে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজীব চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন। ভুক্তভোগী নারী ফরিদগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন বলে জানায় পুলিশ।
মামলার এজাহার ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক বছর আগে রাজধানীতে মামুন পাটওয়ারীর সঙ্গে পরিচয় হয় ওই নারীর। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর ধারাবাহিকতায় গত ৫ আগস্ট বিয়ের কথা বলে মামুন পাটওয়ারী তাকে তার নিজ বাড়িতে নিয়ে আসেন।
ভুক্তভোগীর অভিযোগ, সেখানে তাকে ৩ দিন আটকে রেখে মামুন ও তার দুই বন্ধু মিলে দলবদ্ধভাবে ধর্ষণ করেন।
গত ৮ আগস্ট (শুক্রবার) রাতে স্থানীয়দের সন্দেহ হলে তারা মামুন ও ওই নারীকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে মিরাজ পাটওয়ারীকেও গ্রেপ্তার করা হয়।
ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, গণধর্ষণের মামলায় দুজনকে গ্রেপ্তার করে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। অপর অভিযুক্তকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএম