প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১১:৩৪ AM আপডেট: ০৯.০৮.২০২৫ ১১:৫৫ এএম

সংগৃহীত ছবি
আর্মেনিয়া ও আজারবাইজানের দীর্ঘকালীন সংঘাতের অবসানে হোয়াইট হাউসে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের নেতাদের মধ্যে এই শান্তি চুক্তির আয়োজন করেন।
চুক্তি স্বাক্ষর শেষে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান করমর্দন করেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই মুহূর্তকে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করে বলেন, “এটি দীর্ঘ সময় নিয়েছে।”
এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ পরিবহন রুট খোলা হবে এবং ওই অঞ্চলে আমেরিকান প্রভাব বৃদ্ধি পাবে।
ট্রাম্প আরও বলেন, “আর্মেনিয়া ও আজারবাইজান সব ধরনের যুদ্ধ চিরতরে বন্ধ করার পাশাপাশি ভ্রমণ, বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে। “আজ আমরা ককেশাসে শান্তি প্রতিষ্ঠা করছি। বহু বছরের যুদ্ধ, দখলদারিত্ব ও রক্তপাত আমরা বন্ধ করেছি।”
তিনি বলেন, “তারা ৩৫ বছর ধরে লড়াই করেছে, এখন তারা বন্ধু এবং দীর্ঘদিন তারা বন্ধু থাকবে।”
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এই চুক্তিকে দুই দেশের সম্পর্কের একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে উল্লেখ করেন।
নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের বিবাদ বহু দশক ধরে চলে আসছে। এই অঞ্চল আজারবাইজানের ভেতরে থাকলেও ১৯৯৪ সালের যুদ্ধের পর থেকে আর্মেনিয়ার সমর্থিত জাতিগত আর্মেনীয় বাহিনী এটিকে নিয়ন্ত্রণ করে আসছে।
ইতিমধ্যে এই অঞ্চল নিয়ে দুই প্রতিবেশী দেশ অন্তত দুবার যুদ্ধে জড়িয়েছে। প্রথম যুদ্ধ হয় ১৯৯০ এর দশকের গোড়ায় সোভিয়েত ইউনিয়নের পতনের পর। এরপর ২০২০ সালে আবারো প্রাণঘাতী সংঘর্ষ শুরু হয়।
সূত্র: বিবিসি