প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১১:৩৮ AM

সংগৃহীত ছবি
২০২৩ সালে যুব এশিয়া কাপ জেতা বাংলাদেশ দলের অন্যতম সদস্য ছিলেন ডানহাতি পেসার রোহানাত দৌলা বর্ষণ। দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে অল্প সময়ে সবার নজর কাড়েন তিনি। ২০২৪ সালের বিপিএলেও দুটি ম্যাচ খেলেছিলেন বর্ষণ। কিন্তু এরপর পায়ের ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে।
গত বছর ডিপিএলে কয়েকটি ম্যাচ খেললেও এরপর থেকে ১৫ মাস ধরে ইনজুরির সঙ্গে লড়াই করছেন বর্ষণ। তবে এবার আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের মাধ্যমে মাঠে ফেরার আশা জাগিয়েছে তরুণ এই পেসারের। বর্তমানে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন বর্ষণ, পরীক্ষা শেষে মাঠে ফেরার পরিকল্পনা রয়েছে তার। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর।
ঢাকা পোস্টকে বর্ষণ বলেন, “আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি। ফুল রিদমে বোলিং করতে পারছি, এখন কোনো অসুবিধা হচ্ছে না। বাকিটা ফিজিও, ট্রেনার ও ডক্টরদের ওপর। তারা যদি আমাকে গ্রিন সিগন্যাল দেয়, তাহলে এনসিএল টি-টোয়েন্টি দিয়েই ফিরতে চাই। যদি কয়েকটি ম্যাচ খেলতে পারি, তাহলে সেটা আমার বিপিএলের জন্য ভালো হবে।”
নিজ বিভাগের রংপুর হয়ে খেলতে চান বর্ষণ, “এনসিএল খেললে রংপুরের হয়ে খেলব। প্রায় ১৫-১৬ মাস মাঠের বাইরে ছিলাম। গত বছর ইনজুরির কারণে অস্ট্রেলিয়ায় খেলতে পারিনি। এবারও যেতে পারছি না, যা অবশ্যই কষ্টের।”
দীর্ঘ সময় ইনজুরির সঙ্গে লড়াই করার পর নিজেকে প্রেরণা দেন ২০ বছর বয়সী এই পেসার, “মাঝে মাঝে মন খারাপ হয়, তবে কিছুক্ষণ পর ভালো হয়ে যায়। আমি জানি সুস্থ থাকলে কী করতে পারব। বাকিরা ভালো করলেও হিংসা হয় না, কারণ ওরা ভালো করুক। আমি যদি সুস্থ থাকি, আমিও ওদের মতো ভালো করতে পারব। তাই খুব বেশি মন খারাপ হয় না, তবে কিছু সময়ের জন্য হয়।”
এখন পর্যন্ত লিস্ট ‘এ’ শ্রেণিতে ৬টি এবং টি-টোয়েন্টি ম্যাচে ২টি ম্যাচ খেলেছেন বর্ষণ, যেখানে তাঁর সংগ্রহ ৬ উইকেট। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে ছিলেন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বোলার। দেশীয় বোলারদের মধ্যে তাঁর ওপরে ছিলেন কেবল শেখ পারভেজ জীবন, যিনি ওই টুর্নামেন্টে ৫ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন।