প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১০:৪৪ AM

নাঙ্গলকোটে অস্ত্রের মহড়া
নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের মাহিনী বাজার ও কুকুরীখিল গ্রামে শতাধিক যুবক অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন।
গতকাল শুক্রবার (০৮ আগস্ট) দুপুরে তারা প্রকাশ্যে দেশীয় ধারালো অস্ত্র হাতে রাস্তায় বের হয়ে আতঙ্ক সৃষ্টি করে।
অস্ত্রধারীরা মাহিনী বাজারে একই ইউনিয়নের দাসনাই পাড়া গ্রামের কামাল হোসেনের সিএনজি অটোরিকশা এবং শাহ আলী সুপার নামে এক যাত্রীবাহী বাসে এলোপাতাড়ি কুপিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এতে সিএনজিতে থাকা একজন অজ্ঞাত যাত্রী আহত হয়।
এরপর তারা পাশ্ববর্তী কুকুরীখিল গ্রামে গিয়ে মোহাম্মদ রিপন, খোকন মিয়া, আব্দুল হান্নান, ইমাম হোসেন, মোহাম্মদ মোস্তফা ও আবুল হাশেমের বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে।
ভুক্তভোগীরা জানায়, সশস্ত্র হামলার নেতৃত্বে ছিলেন মাহিনী ছগরিপাড়া গ্রামের ইলিয়াস, একই গ্রামের আরিফ হোসেন এবং রায়কোট গ্রামের মেজবাহ উদ্দিন।
কুকুরীখিল গ্রামের ভুক্তভোগীরা বলেন, “হঠাৎ দুপুর বেলায় ইলিয়াস, আরিফ হোসেন ও মেজবাহ উদ্দিনের নেতৃত্বে শতাধিক সশস্ত্র সন্ত্রাসী অস্ত্র নিয়ে আমাদের বাড়ি-ঘরে হামলা চালায়। আমরা বাধা দিতে গেলে তারা আমাদের হত্যা করার হুমকি দেয়। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
দাসনাইপাড়া গ্রামের সিএনজি চালক কামাল হোসেন বলেন, “যাত্রী নিয়ে মাহিনী বাজার পার হচ্ছিলাম, তখন অস্ত্রধারী শতাধিক যুবক পথ আটকে গাড়িতে হামলা চালায়। আমার সিএনজিতে থাকা এক যাত্রী ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়।”
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”