প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৯:১৪ AM আপডেট: ০৯.০৮.২০২৫ ৯:২০ এএম

সংগৃহীত ছবি
ঢাকার ধামরাইয়ে অতিরিক্ত মদপান করায় এক ঘণ্টার ব্যবধানে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (৮ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
নিহতরা হলেন বিপ্লব ও সুধীর, দুজনই রংপুরের মিঠাপুকুর থানার বাসিন্দা এবং পেশায় জেলে। তারা ধামরাইয়ের কালামপুর এলাকার কামালপুর আদর্শ গ্রামে আবুল কাশেমের মালিকানাধীন ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে বিপ্লব ও সুধীর মদপান করেন। এরপর সেই রাতেই তারা উভয়েই অসুস্থ হয়ে যান। পরে তাদের পরিবার বাসায় রেখেই বিপ্লব ও সুধীরের চিকিৎসা করান। আজ ভোরে এক ঘণ্টার ব্যবধানে বিপ্লব ও সুধীরের মৃত্যু হয়। এরপর সকালে পুলিশকে না জানিয়ে মরদেহ গ্রামের বাড়ি রংপুরে পাঠানোর চেষ্টা করে নিহতের পরিবার।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “মদপান করে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এরপর বিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”
এ ঘটনায় ধামরাই থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।