প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ১০:৪৫ পিএম

গত বছর থেকে বলিউড তারকা সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। এবার তারা নতুন টার্গেট নিয়েছে কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মাকে।
গত বৃহস্পতিবার রাতে কানাডায় কপিল শর্মার একটি রেস্তোরাঁয় দ্বিতীয়বারের মতো হামলা চালানো হয়। ভারতীয় গণমাধ্যমের দাবি, ওই ঘটনায় অন্তত ২৫ রাউন্ড গুলি চালানো হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রথমবারের তুলনায় এবার আরও শক্তিশালী হামলা চালানো হয়েছে কপিলের ক্যাফেতে এবং এর দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং।
একই সঙ্গে গোল্ডি ঢিঁলোর গ্যাংও এই হামলার দায় স্বীকার করেছে। আন্ডারওয়ার্ল্ডের নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, ভবিষ্যতে এই হামলা থেমে থাকবে না। হোয়াটসঅ্যাপ ও অন্যান্য মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে শোনা যায়, ‘খুব শিগগিরই আবার হামলা চালানো হবে, এবার মুম্বাইতে, কানাডায় নয়।’
কপিল শর্মা ব্যবসার উদ্দেশ্যে কানাডায় একটি ক্যাফে খুলেছিলেন। রেস্তোরাঁ খোলার মাত্র এক সপ্তাহের মধ্যেই শুরু হয় হুমকি দেওয়া। গত ৯ জুলাই রাত ১টায় প্রথমবার ক্যাফেতে গুলিবর্ষণ করা হয়। এরপর এক মাসও না কাটতেই দ্বিতীয়বার হামলা চালানো হলো।
স্বদেশ প্রতিদিন/ আরএফ