প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৮:০৩ পিএম

কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলায় পৃথক অভিযানে ট্যাপেন্টাডল গ্রুপের ট্যাপাল নামক ট্যাবলেট, গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় একজন মাদক কারবারিকে আটক করা হলেও আরেকজন সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ৪টার দিকে রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২২ বীরের একটি টহল দল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী এলাকায় যৌথ অভিযান চালায়।
অভিযানে ১২৭ পিস ট্যাপেন্টাডল গ্রুপের ট্যাপাল ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৬১ হাজার ৩৪০ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারি রবিউল ইসলাম (৩০) সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
অন্যদিকে, একই দিন রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর একই টহল দল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা রাজারহাট উপজেলার মাদাই পাঠানপাড়া এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে। অভিযানে ৫১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইনফিনিক্স ব্র্যান্ডের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ মাদক কারবারি মো. মোস্তফা (১৯)- কে আটক করা হয়।
কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর শাহরিয়ার আহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আমরা মাদক উদ্ধার ও একজন মাদক কারবারিকে আটক করেছি। পলাতক ব্যক্তিকে ধরতে আমাদের অভিযান চলমান রয়েছে।
তিনি আরও বলেন, ‘কুড়িগ্রামকে মাদক ও চাঁদাবাজ মুক্ত করতে সেনাবাহিনীর মাদক ও চাঁদাবাজ বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম