প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৭:২৮ পিএম আপডেট: ০৮.০৮.২০২৫ ৭:৪৫ PM

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার প্রতিবাদে এবং বিচার চেয়ে মানববন্ধন করেছে সোনারগাঁও প্রেস ক্লাব।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার পৌর এলাকার উদ্ধবগঞ্জে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম. এম. সালাউদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্লাবের নির্বাহী সদস্য মনির হোসেন, সদস্য আনিসুর রহমান, হীরালাল বাদশা, মো. কবির হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন, কামরুল ইসলাম পাপ্পু, সুমন আল হাসান প্রমুখ।
সভাপতি এম. এম. সালাউদ্দিন বলেন, ‘সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকের কণ্ঠরোধ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতিও হুমকি। এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করছি।’
সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, ‘রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এ ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে। অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে।’
যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন বলেন, ‘যেখানে সাংবাদিকদের নিরাপত্তা হুমকির মুখে, সেখানে সাধারণ নাগরিকের অবস্থা কী হবে? সাংবাদিকের ওপর হামলা ও হত্যাকাণ্ড মানে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি।’
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্বদেশ প্রতিদিন/এমএম