প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৭:৩৩ পিএম

উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন ১১ জন বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (নীলফামারী-৫৬ বিজিবি) সদস্যরা।
শুক্রবার (৮ আগস্ট) ভোরে উপজেলার দেবনগর ইউনিয়নের শুকানী বিওপি এলাকায় সীমান্ত পিলার ৭৪২/১-এস থেকে প্রায় ৬০০ গজ ভেতরে আমজোয়ানী এলাকা থেকে তাদের আটক করা হয়।
নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুটি অভিযানিক দল শুকানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ১১ জন নারীকে আটক করে।
আটককৃত নারীরা যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুর জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, একাধিক দালালের মাধ্যমে মোট ১ লাখ ৬৫ হাজার টাকার বিনিময়ে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তাদের কাছ থেকে নগদ ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।
বিজিবির অধিনায়কের বরাতে জানা যায়, সদর দপ্তরের নির্দেশে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। আটককৃত নারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের তেঁতুলিয়া থানা পুলিশকে সোপর্দ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ