প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৬:৪৪ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অংশ নেওয়া দুই প্রার্থীর ডোপ টেস্টে গাঁজার উপস্থিতি শনাক্ত হয়েছে। সংশ্লিষ্ট দুই প্রার্থী হলেন গোলাম রাব্বানী ও ড. ইমরুল আসাদ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৪ আগস্ট বিশ্ববিদ্যালয় মেডিকেলে ওই দুই প্রার্থীর ডোপ টেস্ট করা হয়। পরীক্ষায় তাদের শরীরে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি পাওয়া গেছে। ফলাফল পজিটিভ এসেছে।
এর আগে, গত ২৮ জুলাই নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা, প্রেজেন্টেশন এবং মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়। সব ধাপ উত্তীর্ণ হওয়ার পর চূড়ান্ত পর্যায়ে তাদের ডোপ টেস্ট নেওয়া হয়, যেখানে মাদক সেবনের প্রমাণ মেলে।
এ বিষয়ে চবি’র উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের নিয়োগ বা ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। যাদের ডোপ টেস্ট পজিটিভ আসবে, তাদের কোনোভাবেই নিয়োগ প্রদান করা হবে না।’
স্বদেশ প্রতিদিন/এমএম