প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৬:২০ পিএম

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পেশাজীবী সাংবাদিকরা।
শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে থেকে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি আদালত সড়ক হয়ে সেলিম ট্রেড সেন্টার ঘুরে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এবং সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক সমির মল্লিক। এতে বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জহিরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস, সহ-সভাপতি কানন আচার্যসহ আরও অনেক সাংবাদিক প্রতিনিধি।
বক্তারা বলেন, ‘সাংবাদিক হত্যার তালিকা দিন দিন দীর্ঘ হচ্ছে। সাগর-রুনি হত্যাকাণ্ডসহ অতীতের কোনো ঘটনার বিচার হয়নি বলেই অপরাধীরা সাহস পাচ্ছে একের পর এক নির্মমতা চালাতে। গাজীপুরে সাংবাদিক তুহিনকে যেভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা সভ্য সমাজে অকল্পনীয়।’
তারা আরও বলেন, ‘যারা জনগণের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করে কাজ করে যাচ্ছেন, সেই সাংবাদিকদের এমন নিষ্ঠুর হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তুহিন হত্যাকাণ্ডের দ্রুত বিচার করতে হবে। পাশাপাশি তার পরিবারকে রাষ্ট্রীয় আশ্রয় ও সহায়তা দিতে হবে।’
বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, কর্মস্থলে ঝুঁকিমুক্ত পরিবেশ এবং পরিবার-পরিজনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা সরকারের প্রতি আহ্বান জানান, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনায় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক।
এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে খাগড়াছড়ি জেলা ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আসা সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
স্বদেশ প্রতিদিন/এমএম