প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৬:১৯ পিএম

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম) ও মাইন্ডশেপারের যৌথ আয়োজনে শুক্রবার (৮ আগস্ট ২০২৪) অনুষ্ঠিত হয়েছে সাংবাদিকদের জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা ‘লিভিং উইথ রিয়ালিটি’।
মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনার পর সাংবাদিকদের মানসিক ট্রমা ও পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) মোকাবিলা এবং নিরাময়ের কৌশল নিয়ে কর্মশালাটি পরিচালনা করেন মাইন্ডশেপারের ক্লিনিকাল ও কাউন্সেলিং সাইকোলজিস্ট রুকনুজ্জামান রুপম। তিনি সাংবাদিকদের মানসিক চাপ কমানো, মনের ভেতরের কথা প্রকাশ করা এবং আবেগ নিয়ন্ত্রণের নানা পদ্ধতি তুলে ধরেন।
প্রায় চার ঘণ্টাব্যাপী আয়োজনে ২০ জন সাংবাদিক অংশ নেন। তারা মানসিক ভারসাম্য রক্ষা, আবেগ নিয়ন্ত্রণ ও কাজের সমতা আনয়নের বিভিন্ন ব্যায়াম শেখেন এবং ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন।
বিজেআইএম আহ্বায়ক স্যাম জাহান বলেন, “বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সচেতনতা এখনো নতুন ধারণা। সাংবাদিকদের ব্যস্ততার কারণে বিষয়টি নিয়ে আগ্রহ কম। এই আয়োজনের উদ্দেশ্য তাদের সচেতন করা এবং ভালো থাকার উপায় জানানো।”
মাইন্ডশেপারের মুখপাত্র সাজ্জাদ হোসেন বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা নিজেদের মানসিক স্বাস্থ্য রক্ষা করতে শিখলে সমাজে সচেতনতা ছড়িয়ে দিতে বড় ভূমিকা রাখবেন। এ আয়োজনের অংশ হতে পেরে আমরা গর্বিত।”
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়।
স্বদেশ প্রতিদিন/এনআর