প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৫:১৬ পিএম

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন-কে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পুলিশের ধারণা, একটি সহিংস ঘটনার ভিডিও ধারণ করার সময়ই তিনি হামলাকারীদের রোষানলে পড়ে প্রাণ হারান।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় ঘটনাটি ঘটে। এর আগে, বাদশা মিয়া নামে এক ব্যক্তির ওপর প্রকাশ্যে হামলার চেষ্টা চালায় কয়েকজন অস্ত্রধারী যুবক। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, সেই হামলার ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তাকেও লক্ষ্য করে হামলা চালায়।
ঘটনার একটি সিসি ক্যামেরার ভিডিও এরই মধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, এক যুবক প্রকাশ্যে এক তরুণীকে মারধর করছেন। তখন ৬ থেকে ৭ জন যুবক চাপাতি, রামদা ও ছুরি নিয়ে ওই যুবকের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। ওই যুবক দৌড়ে পালিয়ে গেলে অস্ত্রধারীরা তাকে ধাওয়া করে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সাংবাদিক তুহিন এ ঘটনার ভিডিও ধারণ করছিলেন। সেই সময় অস্ত্রধারীরা তাকেও ধাওয়া দেয়। তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে আশ্রয় নেন ঈদগাহ মার্কেট এলাকার একটি চায়ের দোকানে। দুর্বৃত্তরা সেখানে ঢুকেই তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী এক চা দোকানি বলেন, ‘ওই সাংবাদিক দোকানে আসে। তারপর ৫ থেকে ৬ জন লোক রামদা, চাপাতি ও ছুরি নিয়ে এসে তাকে কোপাতে থাকে। তাদের থামার জন্য অনুরোধ করলে তারা গালি দিয়ে বলে তোর ঘাড় ফেলে দেব। পরে আমি ভয় পেয়ে লুকিয়ে পড়ি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ক্রাইম-উত্তর) মো. রবিউল হাসান বলেন, ‘ধারণা করা হচ্ছে, অন্য একজনকে মারধরের ঘটনার ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। দোষীদের আটক করা গেলে ঘটনার পুরো চিত্র পরিষ্কার হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম