প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৯:৪০ পিএম

মাদারীপুরের কালকিনি পৌরসভার প্রধান বাজারে নেই কোনো টলঘর। ফলে বর্ষায় বৃষ্টিতে এবং গ্রীষ্মে তীব্র রোদের মাঝে চরম দুর্ভোগে পড়ছেন মাছ, মাংস ও কাঁচা বাজারের ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা।
প্রতিদিন ভোর থেকে আশপাশের গ্রামের ব্যবসায়ীরা দেশীয় মাছ, মাংস ও সবজি নিয়ে বাজারে আসেন। সকাল গড়াতেই জমে ওঠে বেচাকেনা। কিন্তু মাথার ওপর নেই কোনো ছাউনি বা টলঘর। বৃষ্টি হলে কাদা-পানিতে মাখামাখি হয়ে যায় বাজার এলাকা। রোদে দাড়িয়ে বা ভিজে পণ্যের সঙ্গে লড়াই করেন বিক্রেতারা।
মাছ ব্যবসায়ী রুহুল আমীন জানান, ‘‘বৃষ্টির কারণে কয়েক দিন বাজারে বসতে পারিনি। এতে কিস্তির টাকা পরিশোধ করতে পারিনি। যদি একটা টলঘর থাকত, তাহলে এই সমস্যা হতো না।’’
মাংস ব্যবসায়ী সাগীর হাওলাদার বলেন, ‘‘প্রতিদিন ৪০০ টাকা করে খাজনা দিই, কিন্তু বিনিময়ে কোনো সুবিধা পাই না। টলঘর থাকলে অন্তত মাংস বাঁচত, আমরাও সাচ্ছন্দে বসতে পারতাম।’’
ক্রেতা বাবুল, সালাম ও আসিয়া জানান, বর্ষায় বাজারে হাঁটাও যায় না। আবার প্রচণ্ড রোদে দীর্ঘক্ষণ কেনাকাটা করাও কষ্টকর। এ অবস্থায় দ্রুত টলঘর নির্মাণ জরুরি।
বাজার ইজারাদার মো. হাসান বলেন, ‘‘আমরা টলঘরের জন্য আবেদন করেছি। আশা করছি পৌরসভা দ্রুত ব্যবস্থা নেবে।’’
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফিন বলেন, ‘‘বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত বাজার এলাকা পরিদর্শন করে টলঘর নির্মাণ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে।’’
স্বদেশ প্রতিদিন/ আরএফ