প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৬:৫৬ পিএম

চলতি বছরের শেষের দিকে ভারত সফরে যেতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বর্তমানে প্রতিরক্ষা ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে মস্কো সফরে রয়েছেন দোভাল।
আজ বৃহস্পতিবার মস্কোতে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সচিব সের্গেই শোইগুর সঙ্গে বৈঠকে বসেন দোভাল। বৈঠকে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও মজবুত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর এটাই হতে পারে পুতিনের প্রথম ভারত সফর। তবে গত বছর দুই দফায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। প্রথমবার জুলাইয়ে, মস্কোতে আয়োজিত ২২তম ভারত-রাশিয়া সম্মেলনে অংশ নিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠক হয় পুতিনের। ওই সফরে ভারত-রাশিয়া সম্পর্কে অবদানের স্বীকৃতিস্বরূপ মোদিকে রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করা হয়।
পরবর্তী সাক্ষাৎ হয় গত অক্টোবরে, যখন মোদি ব্রিকস সম্মেলনে অংশ নিতে রাশিয়ার কাজান শহরে যান।
এদিকে, ভারতের রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে যুক্তরাষ্ট্র সম্প্রতি নতুন শুল্ক আরোপ করেছে। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কের ঘোষণা দেন, যা আগের পাল্টা শুল্ক মিলিয়ে মোট ৫০ শতাংশে দাঁড়িয়েছে। এতে দিল্লি-ওয়াশিংটন সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ