প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৩:১৪ পিএম আপডেট: ০৭.০৮.২০২৫ ৩:৩২ PM

চট্টগ্রামে টানা বৃষ্টিতে পানির তোড়ে ৪৫ বছর আগে নির্মিত একটি কালভার্ট ভেঙে পড়েছে। এতে করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ আংশিকভাবে বন্ধ হয়ে গেছে এবং সাধারণ মানুষ পড়েছে চরম ভোগান্তিতে।
গতকাল বুধবার (৬ আগস্ট) রাত থেকে টানা বর্ষণের পর বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে নগরীর স্টারশিপ এলাকার বায়েজিদ বোস্তামি সড়কে শীতলঝর্ণা খালের ওপর নির্মিত কালভার্টটি ভেঙে পড়ে।
এ কালভার্টটি দিয়ে নগরীর দুই নম্বর গেট থেকে অক্সিজেন মোড় পর্যন্ত মানুষ প্রতিদিন যাতায়াত করতো। এটি ভেঙে পড়ায় চার লেনের সড়কের একপাশ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
১০ থেকে ১৫ দিন পর কালভার্টটি আরও বড় আকারে নির্মাণের কাজ শুরু করার কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি দাবি করেছেন, কালভার্টটি পুনরায় নতুন করে নিমার্ণের বিষয়টি চসিকের পরিকল্পনার মধ্যে ছিল। বর্ষার পর কাজ ধরা হতো। এজন্য ৮ থেকে ৯ কোটি টাকা মতো বরাদ্ধ দেয়া হতো।
এদিকে, চট্টগ্রামে গত কয়েকদিন ভারী বৃষ্টিপাতের কারণে রাহাত্তরপুল, বহদ্দারহাট, জিইসি, মুরাদপুর, আগ্রাবাদ চকবাজার একালায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকার বাসাবাড়ি, দোকানপাট পানিতে তলিয়ে গেছে।
স্বদেশ প্রতিদিন/এমএম