প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৯:২১ পিএম আপডেট: ০৬.০৮.২০২৫ ৯:৪৯ PM

মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় গুরুতর আহত হওয়া শিশু আফরা ইসলাম ইনাইশার (৫) ঘটনায় অভিযুক্ত চালক আব্দুল মালেক (৪৮) কে আটক করেছে পুলিশ।
বুধবার (৬ আগস্ট) দুপুরে টেংগারচর ইউনিয়নের বৈদ্যেরগাঁও এলাকায় বাড়ির পাশের সড়কে দ্রুতগতির অটোটি ইনাইশাকে চাপা দেয়। এতে মাথার খুলির চামড়াসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত পায় সে।
সংবাদমাধ্যমে “গজারিয়ায় ব্যাটারী চালিত অটো চাপায় গুরুতর আহত ১” শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর, গজারিয়া থানার এসআই রুবেলের নেতৃত্বে পুলিশ অভিযুক্ত চালককে সন্ধ্যা ৭টার দিকে ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রাম থেকে অটোসহ আটক করে থানায় নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. লিয়াকত হোসেন জানান, ইনাইশাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিশুটির বাবা, পুলিশ সদস্য আশরাফুল ইসলাম রাতে জানান, “আমার মেয়ের ধানমন্ডির একটি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে। এখনও জ্ঞান ফেরেনি।”
চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, “ইনাইশার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ