
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক বর্ণাঢ্য বিজয় মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ আয়োজন করে।
বুধবার (৬ আগস্ট) বিকেলে জেলা বিএনপির আয়োজনে শহরের সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে মিছিলটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জজ কোর্ট এলাকা সংলগ্ন মহাসড়কে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে জেলা ও উপজেলা বিএনপিসহ ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন—তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। এ বার্তা শহর থেকে গ্রাম, স্কুল-কলেজ থেকে বন্দরের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে হবে আমাদের।”
তিনি আরও বলেন, “গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে, তা মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে ভয়াবহ প্রতারণা। যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের ছবির পাশে ২০২৪ সালের গণআন্দোলনের শহীদদের ছবি বসিয়ে ইতিহাস বিকৃতি করা হয়েছে। এটি শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি।”
ফরহাদ হোসেন আরও বলেন, “একাত্তরের সংগ্রাম ছিল জাতির অস্তিত্ব রক্ষার, আর ২০২৪-এর সংগ্রাম ছিল মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এ দুই আন্দোলন এক করে ফেলা রাজনৈতিক কৌশল নয়, চরম ধৃষ্টতা।”
সমাবেশে বিএনপি নেতারা ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের কড়া সমালোচনা করেন। তারা বলেন,
“আজ ধর্মকে ব্যবহার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে। তথাকথিত ‘বেহেশতের টিকিট’ বিক্রি করে সরল মানুষের বিশ্বাসকে ব্যবহারের চেষ্টা হচ্ছে। অথচ ইসলাম বলেছে—বেহেশত বা দোজখ নির্ধারণের ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে।”
নেতারা আরও বলেন, “এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণা ধর্মের অপমান ও জনগণের সঙ্গে প্রতারণার শামিল। গণতন্ত্রের পক্ষে আমাদের সবাইকে সজাগ, সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।
স্বদেশ প্রতিদিন/ আরএফ