প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৮:৪৮ পিএম

এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে স্বপ্নের মতো সূচনা করেছে বাংলাদেশ নারী দল। বুধবার লাওসের ভিয়েনতিয়ানে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়েছে তারা। বাংলাদেশের হয়ে সাগরিকা জোড়া গোল ও মুনকি আক্তার একটি গোল করেন।
প্রথমার্ধের ৩৬ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে বক্সের মধ্যে লাফিয়ে হেড করেন সাগরিকা। লাওসের গোলরক্ষক কোনো প্রতিরোধ গড়তে পারেননি। এই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর লাওস সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে। কিন্তু ৫৯ মিনিটে মুনকি আক্তারের একক নৈপুণ্যে ব্যবধান আরও বাড়ায় বাংলাদেশ। দ্রুতগতির আক্রমণে তিনি বলের নিয়ন্ত্রণ নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে আসা লাওস গোলরক্ষককে পরাস্ত করে সাইড পোস্ট ঘেঁষে বল জালে পাঠান।
বাংলাদেশ দুই অর্ধেই দুটি নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয়। প্রথমার্ধে সাগরিকার গোলের ঠিক পরেই শিখার দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধেও মুনকির গোলে ব্যবধান ২-০ করার পর আরেকটি হেড ক্রসবারে লেগে ফিরে আসে।
৮৫ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রাণী মণ্ডল পোস্ট ছেড়ে একটু সামনে চলে আসায় সুযোগ নিয়ে লাওস একটি গোল করে ব্যবধান কমায়। শেষ সময়ে সমতা ফেরাতে লাওস বেশ কয়েকটি আক্রমণ করলেও সফল হতে পারেনি।
ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে সাগরিকা আবারও জ্বলে ওঠেন। বক্সের মধ্যে বল পেয়ে ঠান্ডা মাথায় ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল ও দলের জয় নিশ্চিত করেন।
সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে চার গোল করা সাগরিকা এবার এশিয়ান মঞ্চেও নিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন।
বাংলাদেশের গ্রুপে রয়েছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া এবং অপেক্ষাকৃত দুর্বল তিমুর লেস্তে। দক্ষিণ কোরিয়া গ্রুপের হট ফেভারিট হলেও বাংলাদেশ তাদের লক্ষ্য ঠিক করেছে রানার্সআপ হয়ে সেরা তিন রানার্সআপের একটি হয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া। লাওসের বিপক্ষে এই জয় ছিল সেই লক্ষ্য পূরণের পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ