৪৫ তলার সমান উঁচু থেকে বাঞ্জি জাম্পিং করলেন ড. জাকির নায়েক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৩:৩৮ পিএম

ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক ইন্দোনেশিয়ার বালিতে ৪৫ তলার সমান উচ্চতা থেকে বাঞ্জি জাম্পিং করে নতুন করে আলোচনায় এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুঃসাহসিক কর্মকাণ্ডের ভিডিও শেয়ার করে বিশ্বজুড়ে তার অনুসারীদের চমকে দিয়েছেন তিনি।
৫৯ বছর বয়সী ড. নায়েক মূলত ধর্মীয় বক্তৃতা ও জনসমক্ষে বিতর্কে অংশ নেওয়ার জন্য পরিচিত। তবে সাম্প্রতিক সময়গুলোতে তাকে অ্যাডভেঞ্চারপ্রিয় চরিত্রেও দেখা যাচ্ছে। তার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বালির একটি বাঞ্জি প্ল্যাটফর্ম থেকে সুরক্ষিত দড়ি বেঁধে নিচে ঝাঁপিয়ে পড়ছেন তিনি।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইন্দোনেশিয়া সফরে বাঞ্জি জাম্পিং ছাড়াও ড. জাকির নায়েক ক্লিফ জাম্পিং এবং ওয়াটার স্লাইডিংয়ে অংশ নিয়েছেন। ভিডিওগুলোতে তাকে দারুণ উৎসাহ ও আনন্দের সঙ্গে এসব অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিতে দেখা যায়।
এর আগেও ড. নায়েক বাঞ্জি জাম্পিং করেছেন। ২০২৪ সালে উগান্ডা সফরে ১৬৫ ফুট উঁচু স্থান থেকে লাফিয়ে পড়ার একটি ভিডিও ভাইরাল হয়।
ধর্মীয় অঙ্গনের বাইরেও নতুন অভিজ্ঞতার খোঁজে থাকা ড. জাকির নায়েকের এমন পদক্ষেপে তার অনেক অনুসারী বিস্মিত ও অনুপ্রাণিত হয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এমএম