প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১০:২৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি প্রাঙ্গণে শিবিরের প্রদর্শনীতে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতাদের সাথে সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি রাখায় নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখা।
মঙ্গলবার (৫ আগষ্ট) ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
বিবৃতিতে বলা হয়, ঢাবির টিএসসি প্রাঙ্গনে ইসলামি ছাত্রশিবির একটি ছবি প্রদর্শনীতে তাদের সংগঠনের কিছু স্বীকৃত গণহত্যাকারী রাজাকারের ছবির পাশাপাশি ২০১৩ সালে শাহবাগ আন্দোলনের নামে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের সৃষ্ট মব জাস্টিস এবং স্বৈরাচারী শেখ হাসিনার ব্যক্তিগত রোষানলের শিকার সাবেক সংসদ সদস্য মরহুম সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করেছে।
সেখানে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উক্ত ধৃষ্টতাপূর্ণ আচরণের তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং ছাত্রশিবির কর্তৃক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যার সাথে জড়িত রাজাকারদেরকে মহান মুক্তিযুদ্ধের আঁতুড়ঘর হিসেবে খ্যাত ঢাবি ক্যাম্পাসে জবরদস্তিমূলকভাবে প্রতিষ্ঠিত করবার জঘন্য অপচেষ্টাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।
ছাত্র ফেডারেশনের বিবৃতি
বিষয়টিকে কেন্দ্র করে আলাদা বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। আজ এক যৌথ বিবৃতিতে সংগঠনটির ঢাবি শাখার শাখার আহ্বায়ক আরমানুল হক ও সম্পাদক সাকিবুর রনি বলেন, টিএসসিতে যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শন করে মহান মুক্তিযুদ্ধের লড়াইয়ের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিকে কলক্ঙিত করেছে ইসলামী ছাত্রশিবির।
তারা বলেন, আমরা ইসলামী ছাত্রশিবিরের এই জঘণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে মহান মুক্তিযুদ্ধকে হেয় করার যে ঘৃণ্য প্রচেষ্টা তার অনুমোদন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনও জঘণ্য অপরাধ করেছে। আমরা অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উক্ত পোগ্রাম থেকে যুদ্ধাপরাধীদের ছবি সরিয়ে ফেলতে উদ্যোগ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাই।"
স্বদেশ প্রতিদিন/এনআর