প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৩:৫৬ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পার হলেও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হয়নি বলে দাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা বারোটায় স্বৈরাচার পলায়নের বর্ষপূর্তিতে সাদা দল আয়োজিত আনন্দ র্যালিতে এ দাবি করেন ঢাবি সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম।
তিনি বলেন, গত বছরের ঠিক এ সময়ে স্বৈরাচার দেশ থেকে পালানোর প্রস্তুতি নিচ্ছিল। তিনি ১৭ বছর যা করেছিলেন তা তাকে পালাতে বাধ্য করেছিল। মানুষ একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জুলাইয়ে রাস্তায় নেমেছিলো। কিন্তু আমরা সেই বৈষম্যহীন সমাজ এখনো পাইনি।
র্যালিতে ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আজকের এ দিনটি আমাদের জন্য স্বপ্নের। আমি কখনো ভাবিনি আমরা হাসিনামুক্ত বাংলাদেশ দেখতে পাবো। আমরা একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের জন্য আন্দোলন করেছি। একাত্তরের মতো চব্বিশের আন্দোলনের মালিকানা যাতে গুটিকয়েক লোকের হাতে চলে না যায় সেই কামনা করছি।
ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান বলেন, যে লক্ষ্য নিয়ে জুলাইয়ে সহস্রাধিক মানুষ আত্মাহুতি দিয়েছে, তা এখনো পূর্ণ হয়নি। শহিদদের আকাঙ্ক্ষা পূরণের আগ পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।
সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, আজকের এই দিনে এদেশের মানুষ স্বৈরাচার হাসিনার দু:শাসন থেকে মুক্তি পেয়েছিল। হাসিনা পালালেও রেখে গেছে ১৭ বছরের দু:শাসনের স্মৃতি। এই দু:শাসনের চূড়ান্ত পরিণতি ছিল স্বৈরাচারের পলায়ন। এখন আমাদের কাজ দেশ পুনর্গঠন করা ও সুশাসন নিশ্চিত করা।
এছাড়াও র্যালিতে ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. আখতার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবুল কালাম সরকার, সহকারী প্রক্টর অধ্যাপক ড. রফিকুল ইসলাম খানসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে