প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১০:১৫ AM আপডেট: ০৫.০৮.২০২৫ ১১:১৫ এএম

হাতিয়ায় হরিণের মাংসসহ পাচারকারী আটক
নোয়াখালী হাতিয়ায় তিন কেজি পাঁচশত গ্রাম হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার নলচিরা ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক পাচারকারী মো. জাহিদ উদ্দিন (৩০) উপজেলার নলচিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবুল খায়েরের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলচিরা ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে জবাই করা হরিণের মাংস পাওয়া যায়। পরে তাকে হাতিয়া থানায় নিয়ে আসা হয়। একটি চক্র দীর্ঘদিন থেকে বনের হরিণ জবাই করে এর মাংস সহ শরীরের অংশ বিশেষ পাচার করে আসছে। জাহিদ সেই চক্রের একজন সদস্য।
এ দিকে আটক জাহিদকে বন্য প্রাণী আইনে মামলা আটক দেখিয়ে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মামলাটি করেন স্থানীয় বনবিভাগের বিট অফিসার আরিফুল ইসলাম।
এ বিষয়ে হাতিয়া থানার উপ-পরিদর্শক মিনহাজ উদ্দিন জানান, আটক জাহিদকে বন বিভাগের করা মামলায় আটক দেখানো হয়েছে। এই চক্রের সাথে আরো যারা জড়িত আছে তাদেরকে আটকের অভিযান পরিচালনা করা হবে।