প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৯:৩০ পিএম

রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ার সাকি শহরের একটি বিমানঘাঁটিতে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ পরিচালিত ড্রোন হামলায় রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। এর মধ্যে একটি বিমান পুরোপুরি ধ্বংস হয়েছে।
ইউক্রেনীয় সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, গত ৪ আগস্ট (সোমবার) রাতে এসবিইউর ‘স্পেশাল অপারেশনস সেন্টার এ’ মিশনের আওতায় পরিচালিত এ হামলায় একটি সু-৩০এসএম যুদ্ধবিমান ধ্বংস এবং আরেকটি ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি তিনটি সু-২৪ বোমারু বিমান এবং একটি অস্ত্রভাণ্ডারেও আঘাত হানে ইউক্রেনীয় ড্রোনগুলো।
এসবিইউর মতে, কৃষ্ণ সাগর অঞ্চলে রাশিয়ার সামরিক কর্মকাণ্ডে সাকি বিমানঘাঁটির গুরুত্ব অত্যন্ত বেশি। তাই এই ঘাঁটিকে লক্ষ্য করেই হামলা চালানো হয়। তারা দাবি করে, একটি সু-৩০এসএম বিমানের মূল্য ৩.৫ থেকে ৫ কোটি মার্কিন ডলার—ফলে এ হামলার আর্থিক ও কৌশলগত ক্ষতি উল্লেখযোগ্য।
এসবিইউ এক বিবৃতিতে বলেছে, “সাকিতে পরিচালিত এই সফল বিশেষ অভিযানটি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করার পথে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ।”
তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। রাশিয়ার পক্ষ থেকেও এ হামলা বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেওয়া হয়নি।
উল্লেখ্য, সু-৩০এসএম হচ্ছে রাশিয়ার দুই ইঞ্জিন ও দুই আসনবিশিষ্ট মাল্টিরোল যুদ্ধবিমান, যা ২০১২ সালে উৎপাদন শুরু হয়। আর সু-২৪ হচ্ছে সোভিয়েত আমলে তৈরি সর্বাবস্থার উপযোগী সুপারসনিক বোমারু বিমান, যার উৎপাদন শুরু হয়েছিল ১৯৭৪ সালে। এই যুদ্ধবিমানগুলো ইউক্রেনের ওপর বোমা হামলা, টহল, রাডার নজরদারি ও লক্ষ্যবস্তু নির্ধারণসহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে আসছে।
এর আগেও ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে ও দখলকৃত অঞ্চলে বেশ কয়েকটি সফল ড্রোন হামলা চালিয়েছে। গত ১ জুন ‘অপারেশন স্পাইডারওয়েব’-এর অংশ হিসেবে ইউক্রেনীয় ড্রোনগুলো রাশিয়ার চারটি বিমানঘাঁটিতে হামলা চালিয়ে ৪১টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করার দাবি করেছিল।
স্বদেশ প্রতিদিন/ আরএফ