প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৬:৫০ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলায় একযোগে সেতু ও সড়ক অবকাঠামো উন্নয়নের বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২০২৫–২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে ৯টি নতুন ব্রিজ নির্মাণ এবং প্রায় ৩৪ কিলোমিটার সড়ক উন্নয়ন ও সংস্কার কার্যক্রম।
ইতোমধ্যে গুরুত্বপূর্ণ চারটি ব্রিজের সয়েল টেস্ট সম্পন্ন হয়েছে। রামপুর–মোজাফ্ফর আলী কলেজ–বৈদ্যনাথপুর বাজার সড়কে ২০ মিটার দীর্ঘ একটি সেতু, ভাওরখোলা ও গোবিন্দপুর ইউনিয়ন সংযোগকারী সড়কে ৩৫ ও ২০ মিটার দৈর্ঘ্যের দুটি ব্রিজ, আলগি–চেঙ্গাকান্দি–বটতলা সড়কে ২৫ মিটার এবং ব্রাহ্মণচর–নোয়াগাঁও–বালুচর–কুরারঘাট সড়কে আরও একটি ২০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি রামপুর–মানিকারচর সড়কে ৩০ মিটার দৈর্ঘ্যের চারটি ব্রিজ নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে, যেগুলোর সয়েল টেস্ট শেষ হয়েছে মে মাসে। এছাড়া চন্দনপুর ও গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের জন্য মাটির গুণাগুণ পরীক্ষার কাজও (Sub Soil Investigation) শেষ হয়েছে এবং শিগগিরই নির্মাণকাজ শুরু হবে। এদিকে চলতি অর্থবছরেই এলজিইডির আওতায় পাঁচ থেকে সাতটি সড়কে সংস্কার কাজ শুরু করার প্রস্তুতি রয়েছে।
অন্যদিকে, “কুমিল্লা প্রজেক্ট” নামের একটি তিন বছর মেয়াদি বৃহৎ প্রকল্পের আওতায় নির্মিত হবে প্রায় ৩৪ কিলোমিটার নতুন সড়ক। এর মধ্যে ২১টি সড়কে ২২ কিলোমিটার নতুন পাকা রাস্তা, ২টি সড়কে ৪ কিলোমিটার প্রশস্তকরণ এবং সাড়ে ৭ কিলোমিটার সড়ক মেরামতের কাজ অন্তর্ভুক্ত থাকবে।
এ বিষয়ে মেঘনা উপজেলা প্রকৌশলী মো. এমদাদুল হক বলেন, “২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাব অনুযায়ী আমরা মেঘনায় একাধিক ব্রিজ ও সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছি। এর মধ্যে কয়েকটি প্রকল্পের প্রাথমিক কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। যেসব ব্রিজের সয়েল টেস্ট সম্পন্ন হয়েছে, সেগুলোর দাপ্তরিক অনুমোদন শেষ হলেই মাঠপর্যায়ে কাজ শুরু হবে।”
তিনি আরও বলেন, “এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে মেঘনা উপজেলার যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য গুণগত পরিবর্তন আসবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ