প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৬:৪০ পিএম

প্রি-সিজনের শেষ ধাপে এসে ভক্তদের জন্য চমক নিয়ে হাজির হয়েছে লিভারপুল।
আজ (সোমবার, ৪ আগস্ট) অ্যানফিল্ডে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে একদিনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে অল রেডরা। বাংলাদেশ সময় রাত ১০টা ও রাত ১টায় শুরু হবে ম্যাচ দুটি।
এশিয়া সফরে ইতিমধ্যে এসি মিলান ও ইয়োকোহামার বিপক্ষে খেলেছে লিভারপুল। এবার নিজেদের মাঠে আয়োজিত এই ডাবল-হেডার ম্যাচ দুটি মূলত বড় স্কোয়াডের সবাইকে মাঠে খেলার সুযোগ করে দিতেই পরিকল্পনা করা হয়েছে। দুটি ম্যাচে মিলিয়ে ৩০ জনেরও বেশি খেলোয়াড়কে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে কোচ আর্নে স্লটের।
বিশেষ এই আয়োজন দেখতে হলে সমর্থকদের প্রথম ম্যাচ শুরুর আগেই অ্যানফিল্ডে প্রবেশ করতে হবে। কারণ ম্যাচ শুরু হলে স্টেডিয়ামের গেট বন্ধ করে দেওয়া হবে। ইতিমধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানানো হয়েছে।
এই ম্যাচে লিভারপুলের নতুন সাইনিংদের মধ্যে ফ্লোরিয়ান ভার্টজ, জর্জি মামারদাশভিলি, জেরেমি ফ্রিমপং, হুগো একিতিকে, মিলোস কেরকেজ ও ফ্রেডি উডম্যানের ঘরের মাঠে অভিষেকের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া তরুণ তারকা রিও এনগুমোহা ও ট্রে নিয়োনিকেও অতিরিক্ত সময় দিতে পারেন কোচ স্লট।
এই প্রস্তুতির পর আগামী সপ্তাহে কমিউনিটি শিল্ডে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে লিভারপুল। এরপর প্রিমিয়ার লিগ অভিযান শুরু হবে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচ দিয়ে—শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে যাত্রা শুরু করবে অল রেডরা।
স্বদেশ প্রতিদিন/ আরএফ