প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ২:৪৩ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ‘ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তিকে উৎপাটিত করতে জুলাই-আগস্ট বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ দেশের ছাত্র-জনতা যে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তা আজীবন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখতে পাবে। এটি আমাদের অস্তিত্বের প্রতীক, আদর্শের প্রতিচ্ছবি এবং ভবিষ্যতের প্রেরণার উৎস। জুলাই-আগস্ট বিপ্লব আগামী দিনের চলার পথের দিকনির্দেশক হয়ে থাকবে।’
সোমবার (৪ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচতলায় ‘জুলাই আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শনী’ উদ্বোধনকালে উপাচার্য এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ‘ডকুমেন্টারিতে প্রদর্শিত ছবিগুলো আমাদের অস্তিত্বের অংশ এবং ইতিহাসের অমূল্য দলিল। আমরা হয়তো থাকব না, কিন্তু এই চিত্রগুলো আমাদের আত্মায় চিরকাল বেঁচে থাকবে। বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালার পাশাপাশি এগুলো আমাদের হৃদয়ের আর্কাইভেও স্থান করে নেবে।’
তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান জানিয়ে বলেন, ‘ফ্যাসিবাদকে আর কখনো এদেশে ফিরে আসতে দেওয়া যাবে না। নির্বাচিত গণতান্ত্রিক সরকারের মাধ্যমেই একটি সুখী, সমৃদ্ধ এবং বৈষম্যবিরোধী বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:- উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, জুলাই ৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান, অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান, অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. মো. আব্দুল বারী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস. এম. সুইট। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক মো. নাসির উদ্দিন খান।
স্বদেশ প্রতিদিন/এমএম