প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ১:৫০ পিএম আপডেট: ০৪.০৮.২০২৫ ১:৫৫ PM

সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকালে ভোমরা সীমান্তের লহ্মীদাড়ী এলাকায় এঘটনা ঘটে।
আহত যুবক লহ্মীদাড়ী গ্রামের মৃত শেখ সাঈদ উদ্দীনের ছেলে আলমগীর হোসেন (৩৫)।
আহতের ভাগ্নে বেলাল হোসাইন জানান, সীমান্তে তার মামার একটি মৎস্যঘের রয়েছে। সোমবার ভোরে ঘেরে খাবার দিতে গিয়েছিল। এমন সময় ভারত থেকে কয়েকজন লোক দৌড়ে আসছিলো। বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মামা আলমগীরের ডান পাশের ঘাড়ে, চোখে এবং মাথায় লেগে গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এবিএম আক্তার মারুফ বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় তিনি সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরের ডান পাশের কয়েকটি স্থানে ছাররা গুলি রয়েছে। চিকিৎসা প্রদান করা হয়েছে। বর্তমানে তিনি আশংকা মুক্ত রয়েছেন।’
এদিকে সাতক্ষীরা ৩৩ বিজিবি’র ভোমরা ক্যাম্পের কমান্ডার জহির উদ্দীন বলেন, ‘আলমগীর গত ৩০ জুলাই অবৈধ পথে তার আত্নীয়ের বাড়িতে গিয়েছিল। আজ সোমবার পুনরায় অবৈধভাবে বাংলাদেশের আসার পথে বিএসএফ’র গুলিতে আহত হয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম