প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ১১:৫৫ AM আপডেট: ০৪.০৮.২০২৫ ১২:০১ PM

কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ও এক ইউপি সদস্যসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার (৩ আগস্ট) দিবাগত রাতে ঢুষমারা থানার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া এলাকার আবু বক্করের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে জুয়া খেলার সময় হাতেনাতে ১৪ জনকে আটক করা হয়। অভিযানে নগদ ৩৯ হাজার ৯২০ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন:- নয়ারহাট ইউনিয়ন জামায়াতের সভাপতি সানোয়ার, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন (২৮), আবু বকর (৫২), কোরবান আলী (৪৬), আব্দুল মালেক (৪০), কাবেল (৪০), শওকত (৪০), আলমগীর (৪০), মহিলার (৪৫), মোনছের আলী (৩৫), জাবেদ আলী (৪০), তারা মিয়া (৩৭), আরেকজন আবু বকর (৪০), মাইনুল (২৭) ও সুমন (২৬)। এরা সবাই ঢুষমারা থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জুয়া, মাদকসহ সকল অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান চলবে।
এ ঘটনায় চিলমারী উপজেলা জামায়াতের সেক্রেটারি ফজলুল হক মিঠুন বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী বা অসামাজিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে নতুন নেতৃত্ব গড়ে তুলে ইউনিয়নে দায়িত্ব দেওয়া হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম