প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৮:৪২ পিএম

লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচে মাত্র ১১ মিনিট মাঠে থাকতে পেরেছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির তারকা এই ফুটবলার প্রতিপক্ষের ডি-বক্সে বল দখলের লড়াইয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন। যদিও ম্যাচ শেষে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় ইন্টার মায়ামি, কিন্তু মেসির ইনজুরি নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।
রোববার (৩ আগস্ট) সকালে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন রাউল সানচেজ ও আলেক্সিস পেনার সঙ্গে সংঘর্ষে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন মেসি। ইনজুরির পরপরই তাকে তুলে নেওয়া হয়।
মায়ামির কোচ হাভিয়ের মাশচেরানো বলেন, “লিও হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেছে। আজ (রোববার) পরীক্ষা না হওয়া পর্যন্ত কিছু নিশ্চিত বলা যাচ্ছে না। তবে এটা স্পষ্ট, কিছু একটা হয়েছে।”
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য সকার বিজনেস জানিয়েছে, মেসিকে ৩ থেকে ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। সে ক্ষেত্রে লিগস কাপের বাকি ম্যাচগুলোর পাশাপাশি এমএলএসের কিছু ম্যাচেও তাকে পাওয়া যাবে না।
বিশ্লেষকরা বলছেন, এত কম সময়ের ব্যবধানে অতিরিক্ত ম্যাচ খেলার কারণেই এই ইনজুরি। বিশ্বকাপ বাছাইপর্ব, এমএলএস এবং ক্লাব ম্যাচ মিলিয়ে মাত্র ৩৫ দিনে ৯টি ম্যাচ খেলেছেন মেসি, আর পরবর্তী ৩৪ দিনে ছিল আরও ১০টি ম্যাচ। অল-স্টার ম্যাচে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তও ছিল ইনজুরি ঠেকানোর চেষ্টা, যদিও এর জন্য তাকে এক ম্যাচ নিষেধাজ্ঞা ভোগ করতে হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ