প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৭:৪১ পিএম

অন্তর্বতী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গণমাধ্যমে সংবাদ প্রচার এবং বন্ধের ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় থেকে কোনো প্রভাব থাকে না।
রোববার (৩ আগস্ট) বিকেলে তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক-পরিবার ও আহত সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, ‘কোনো কিছুর প্রচার বা লেখার ক্ষেত্রে মন্ত্রণালয় থেকে কাউকে কল দেওয়া হয় না, কাউকে বাধ্যও করাও হয় না। তবে গত ৬ মাসে অনেকগুলো হাউস গণঅভ্যুত্থানের চেতনা ও ঐক্যকে ভণ্ডুল করতে কাজ করছে।’
তিনি বলেন, ‘কারফিউয়ের সময়ে সাংবাদিকতা খুবই একপাক্ষিক হয়েছিল। বিটিভি আর আগুনসন্ত্রাস দেখাতেই ব্যস্ত ছিল টিভি চ্যানেলগুলো। তবে সেক্ষেত্রে বেশকিছু পত্রিকা ভালো কাজ করেছেন, সত্য তুলে ধরার চেষ্টা করেছেন।’
এ সময় দেশের গণমাধ্যমকে দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করারও তাগিদ দেন তিনি।
উপদেষ্টা আরও বলেন, ‘সাংবাদিকদের কল্যাণে নবম ওয়েজবোর্ড কার্যকর ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ বেশকিছু পদক্ষেপ বাস্তবায়নে কাজ করছে সরকার। পাশাপাশি সাংবাদিকদের চাইলেই চাকরিচ্যুত করাকে কীভাবে রোধ করা যায়, সে বিষয় নিয়ে আমরা কাজ চলছে।’
তিনি আরও বলেন, ‘যারা সাংবাদিকদের বেতন দিবে না তাদের বিষয়টি আমরা দেখবো।’ সাংবাদিকদের হাউসের মালিকানা বা অংশ বা অন্য কোনো সুবিধা দেয়ার বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের শুরু হয়েছে। সবাই ঐক্যবদ্ধ থাকলে পরিবর্তন সম্ভব।’
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার এবং আহত ও সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম