প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৬:৫২ পিএম

দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের যাতায়াত চরমভাবে বাধাগ্রস্থ হচ্ছে।
পাবনার চাটমোহর উপজেলা সদর থেকে হান্ডিয়াল-হামকুড়িয়া ১২ কিলোমিটার আঞ্চলিক সড়ক পর্যন্ত সড়কের দ্রুত সংস্কারের দাবিতে চেতনায় হান্ডিয়ার এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের যাতায়াত চরমভাবে বাধাগ্রস্থ হচ্ছে।
আজ শনিবার (২ আগস্ট) সকাল ১১ টায় সেচ্ছাসেবী সংগঠন চেতনায় হান্ডিয়ারলের আহ্বায়ক কে এম বেলাল হোসেন স্বপনের সভাপতিত্বে চাটমোহর উপজেলার জার্দিস মোড়, নিমাইচড়া ইউনিয়নের কুজার মোড়, হান্ডিয়াল বাজার, বাঘলবাড়ী সহ মোট ৯টি পয়েন্টে ৩ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, বহুদিন ধরে সংস্কার কাজ শুরু হলেও তা ঝুলে আছে। পড়ে আছে অযত্ন অবহেলায়। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, বৃষ্টির জলাবদ্ধতা আর শুকনো মৌসুমে ধুলোর কারণে পথচারী ও যানবাহন চলাচল চরম দুর্ভোগে পড়ছে। স্কুলকলেজ গামী শিক্ষার্থী, রোগী পরিবহণ ও সাধারণ যাত্রীদের জন্য সড়কটি বিপজ্জনক হয়ে উঠেছে। ১২ কিলোমিটার সড়কে প্রায় ১৬ কোটি টাকা বরাদ্দ সংস্কারের কাজ জুলাই ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৫ এই ৮ মাস সময়সীমা থাকলেও আরো ৮ মাস অতিবাহিত হলেও ১০% কাজ না করেই লাপাত্তা ঠিকাদার প্রতিষ্ঠান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পাবনা ৩ সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কেএম আনোয়ারুল ইসলাম, পাবনা জেলা বিএনপির সাবেক সদস্য ও পাবনা ৩ এমপি প্রার্থী আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা, চাটমোহর উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, হান্ডিয়াল বিএনপি সাবেক সভাপতি আবু হানিফ প্রমুখ।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সংস্কার কাজ শুরু করার আহ্বান জানান এবং আগামী এক মাসের মধ্যে সড়ক উন্নয়নের দৃশ্যমান অগ্রগতি না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেন।