প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১০:৪৯ AM

গাজায় দুর্ভিক্ষ নেই—এমনটাই মনে করেন অর্ধেক ইসরায়েলি
গাজায় চলমান মানবিক সংকট ও দুর্ভিক্ষের বাস্তবতা অস্বীকার করছেন অনেক ইসরায়েলি নাগরিক। সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভে প্রকাশিত একটি জনমত জরিপে দেখা গেছে, প্রায় ৪৭ শতাংশ ইসরায়েলি মনে করেন গাজায় কোনো দুর্ভিক্ষ নেই।
জরিপটি পরিচালনা করেছে লাজার রিসার্চ ইনস্টিটিউট। এতে আরও উঠে আসে, ৪১ শতাংশ ইসরায়লি গাজায় মানবিক সংকটের বিষয়টি স্বীকার করেছেন। এর মধ্যে ২৩ শতাংশ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, আর ১৮ শতাংশ জানিয়েছেন, তারা উদ্বিগ্ন নন। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ১২ শতাংশ বিষয়টি নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেন।
এই জরিপ এমন সময় প্রকাশিত হয়, যখন জাতিসংঘ, ইউনিসেফ এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) গাজায় এক ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে বলে সতর্ক করছে।
ইউনিসেফের উপমহাপরিচালক টেড চায়বান জানিয়েছেন, গাজা বর্তমানে দুইটি দুর্ভিক্ষ সূচকে পৌঁছে গেছে—দীর্ঘস্থায়ী খাদ্য সংকট ও মারাত্মক অপুষ্টি। তিনি বলেন, গাজা শহরে প্রতি তিনজনের একজন মানুষ নিয়মিত না খেয়ে থাকছেন। মারাত্মক অপুষ্টির হার ১৬.৫ শতাংশ ছাড়িয়ে গেছে এবং ৩ লাখ ২০ হাজারের বেশি শিশু চরম ঝুঁকির মুখে রয়েছে।
এদিকে জাতিসংঘ ও ডব্লিউএফপি জানায়, উত্তর গাজায় শিশু মৃত্যুহার বেড়েই চলেছে এবং সেখানে খাদ্যাভাব মারাত্মক আকার ধারণ করেছে।
জরিপের ফলাফল প্রকাশের দিনই বিশ্বের বিভিন্ন শহরে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। প্যারিসে বিক্ষোভকারীরা যুদ্ধ বন্ধ ও গাজায় ত্রাণ পাঠানোতে বাধা তুলে দেওয়ার দাবি জানান। মারাকেশে শত শত মানুষ গাজাবাসীর পক্ষে রাস্তায় নেমে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলে। যুক্তরাষ্ট্রে ইহুদি নাগরিকদের একটি সংগঠন গাজার ওপর থেকে সব ধরনের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ