প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১০:০৯ AM

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান-এর হার্টে পাঁচটি ব্লক ধরা পড়ায় তাকে বাইপাস সার্জারির জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) সকালে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।
হাসপাতালে তার পাশে রয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল, নায়েবে আমীরসহ শীর্ষ নেতারা।
গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নেওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। পরে তাকে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
প্রাথমিকভাবে চিকিৎসকরা বড় কোনো সমস্যা না পেলেও পরে ধারাবাহিক পরীক্ষায় তার হার্টে ৫টি ব্লক ধরা পড়ে। এর মধ্যে ৩টি গুরুতর, এবং বাকি ২টি প্রায় ৫০ শতাংশ ব্লক।
চিকিৎসকদের মতে, গুরুতর ব্লকগুলো অপসারণে জরুরি ভিত্তিতে বাইপাস সার্জারি করা হচ্ছে।
এরআগে ডা. শফিকুর রহমানের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তাকে বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন। তবে তিনি দেশের বাইরে চিকিৎসা না নিয়ে দেশেই চিকিৎসা নিতে এককভাবে সিদ্ধান্ত নেন। দেশের চিকিৎসায় সাধারণ মানুষের আস্থা ফেরাতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।
তার শারীরিক সুস্থতা কামনায় নেতাকর্মীরা দেশজুড়ে দোয়া মাহফিল আয়োজন করছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম