প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১০:০৯ AM

ঢাকায় কেন্দ্রীয় ছাত্র সমাবেশে অংশ নিতে চট্টগ্রাম থেকে দুটি বিশেষ ট্রেন বরাদ্দ পেয়েছে ছাত্রদল। এর আগে একইভাবে জামায়াতে ইসলামীর ঢাকায় মহাসমাবেশ উপলক্ষে দেশের চারটি জেলা থেকে আটটি বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছিল, যা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ছাত্রদলের চট্টগ্রাম মহানগর কমিটির আবেদনের প্রেক্ষিতে আগামী রোববার (৩ আগস্ট) একজোড়া বিশেষ ট্রেন পরিচালিত হবে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে। রেলের নির্ধারিত নিয়ম অনুযায়ী আসন সংরক্ষণ, ভাড়া, নন-স্টপ চার্জ ও অন্যান্য ফি বাবদ সব অর্থ পরিশোধ করে ট্রেন বরাদ্দ নেওয়া হয়েছে।
বিশেষ এই ট্রেনে থাকবে ২০টি কোচ, যার মধ্যে রয়েছে শোভন চেয়ার ও শীতাতাপ নিয়ন্ত্রিত (এসি) চেয়ার কোচ। মোট ১,১২৬টি আসন বরাদ্দ করা হয়েছে যাত্রীদের জন্য।
বিশেষ ট্রেনটি চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করবে সকাল ৭টা ১৫ মিনিটে এবং দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে। সমাবেশ শেষে একই দিন সন্ধ্যা ৭টায় ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের পথে রওনা দেবে এবং রাত ১টায় চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছাবে।
রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী পরিচালন কর্মকর্তা (যাত্রী পরিবহন) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী গণমাধ্যমকে জানান, রেলভবন থেকে অনুমোদনের পর নিয়ম মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ।
ছাত্রদলের চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন বলেন, “ঢাকায় ছাত্র সমাবেশে অংশ নিতে আমরা সবচেয়ে সাশ্রয়ী ও নিরাপদ যাতায়াত মাধ্যম হিসেবে রেলকেই বেছে নিয়েছি। ট্রেনে করে চট্টগ্রাম জেলা থেকে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেবেন।”
এর আগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সমাবেশ উপলক্ষে ট্রেন ভাড়ার বিষয়টি দেশব্যাপী আলোচনা তৈরি করে। দলটির বিপুলসংখ্যক নেতাকর্মীও সেবার বিশেষ ট্রেনে ঢাকায় আসেন।
রেলওয়ে নিশ্চিত করেছে, সব পক্ষের জন্য সমান সুযোগ রেখে নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া মেনেই এই ধরনের বিশেষ ট্রেন ভাড়া দেওয়া হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ