প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৯:৪৭ AM

যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্ট যাচাইয়ের সময় ‘স্টপলিস্টে’ থাকা এক আওয়ামী লীগ নেতাকে আটকে দিয়েছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে শাহবাগ থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদকে (৪১) ভারতে যেতে না দিয়ে ফেরত পাঠানো হয়।
জানা গেছে, আবুল কালাম আজাদ স্ত্রীসহ ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্টে উপস্থিত হন। কিন্তু ইমিগ্রেশন সার্ভারে তার নাম স্টপলিস্টে থাকায় ভারত যাত্রায় অনুমতি দেওয়া হয়নি।
তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আমোদীবাদ গ্রামের বাসিন্দা। পিতার নাম আব্দুল মান্নান ভূঁইয়া।
ইমিগ্রেশন সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদের সময় তার বিরুদ্ধে কোনো মামলা পাওয়া যায়নি। তবে নিরাপত্তা সংক্রান্ত কারণে তার নাম স্টপলিস্টে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করতে শাহবাগ থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা বিভাগ এবং বিশেষ শাখা (এসবি) হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করা হয়। এসবি জানায়, মামলা না থাকলেও স্টপলিস্টে থাকার কারণে তাকে বিদেশ যেতে দেওয়া যাবে না।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানিয়েছেন, স্টপলিস্ট থেকে নাম প্রত্যাহার না হওয়া পর্যন্ত তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এজন্য তাকে ভারত গমনে অনুমতি দেওয়া যায়নি।
স্বদেশ প্রতিদিন/এমএম