প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৯:৫৬ AM

সংগৃহীত ছবি
আবারও খবরের শিরোনামে উঠে এসেছেন বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। নানা ইস্যুতে সারা বছরই আলোচনায় থাকেন তিনি, তবে এবার আইনি জটিলতায় জড়িয়েছেন এই অভিনেত্রী। এক বেফাঁস মন্তব্যের কারণে আদালত তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, মানহানির এক মামলায় পাঞ্জাবের একটি আদালতে তাকে হাজির হতে বলা হয়েছে।
ঘটনার সূত্রপাত ২০২০-২১ সালের দিল্লির কৃষক আন্দোলনের সময়। বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে চলা সেই আন্দোলনে পাঞ্জাবের ভটিন্ডা জেলার বাহাদুরগড় জনদিয়ানের ৭৩ বছর বয়সি মহিন্দর কৌর নামের এক বৃদ্ধা অংশ নেন। কঙ্গনা তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে দাবি করেন, তিনি নাকি শাহিনবাগ আন্দোলনের বিলকিস বানুর মতো এবং এমন লোককে মাত্র ১০০ টাকার বিনিময়ে আন্দোলনে আনা যায়।
এই মন্তব্যের জেরে ২০২২ সালে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয় এবং আদালত তার বিরুদ্ধে সমন জারি করে। পরে কঙ্গনা পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে মামলা খারিজের আবেদন জানান। কিন্তু শুক্রবার আদালত সেই আবেদন খারিজ করে দেয়।
আদালত জানায়, কঙ্গনার বিরুদ্ধে আনা অভিযোগ খণ্ডনযোগ্য নয়। তাই তাকে পাঞ্জাবের স্থানীয় আদালতে হাজির হতেই হবে।