প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৭:৫৬ পিএম

সংগৃহীত ছবি
রাজধানীর ধানমন্ডির ৬ নম্বর সড়কে বিশাল আকৃতির একটি গাছ উপড়ে সড়কে থাকা তিনটি গাড়ির ওপর পড়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
আজ শুক্রবার (১ আগস্ট) এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল ১-এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম মুঠোফোনে বলেন, ফুটপাতে থাকা গাছটি যখন সড়কে পড়ে যায়, তখন সেখানে একটি প্রাইভেট কার পার্ক করা ছিল। ওই প্রাইভেট কারসহ দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত রিকশার ওপর গাছটি পড়ে। গাছের নিচে একটি অটোরিকশার মধ্যে চালক আটকা পড়ে যান। ফায়ার সার্ভিসের সহায়তায় অটোরিকশার গ্রিল কেটে তাকে উদ্ধার করা হয়।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলেন, এ ঘটনায় গাড়িগুলোর বেশ কয়েকজন যাত্রীও আহত হয়েছেন। তবে তাদের সম্পর্কে তথ্য পাওয়া যায়নি। এ দুর্ঘটনার পর গতকাল রাত সাড়ে ১১টা পর্যন্ত ওই সড়কে যান বন্ধ থাকে। পরে গাছ কেটে রাতে অর্ধেক রাস্তায় যান চলাচলের ব্যবস্থা করা হয়।
আজ বিকেলে সরেজমিন দেখা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশা এখনো গাছটির নিচে আটকে আছে। ঢাকা দক্ষিণ সিটির একজন প্রকৌশলী জানান, গাছের নিয়ে চাপা পড়া অটোরিকশাটি আজ রাতের মধ্যেও সরানো যাবে না। এটা সরাতে হয়তো আগামীকাল ভোর পর্যন্ত সময় লেগে যাবে।
স্বদেশ প্রতিদিন/আইএমএস